ভাঙ্গা প্রেমের কান্না
কে বলেছে তুই নেই আমার কাছে!
তোর সাথেই তো পথ চলি গোধূলি বেলায়।
তবে আগে... আগে তো হাতটা রাখতি হাতে,
কিন্তু এখন... এখন কেন ঠেলে দিস মাঝ রাস্তায়!
তোর উপস্থিতিতে আমার হৃদয়টা
এখনও তো একইরকম ছ্যাঁত করে ওঠে।
কিন্তু... কিন্তু প্রতিবেশী মিলির সাথে কথা বললে,
আর...আর কেন অভিমান দেখিনা তোর ঠোঁটে!
অন্ধকার আঁধারে তো আসিস কাছে
চেনা নরম হাতের সেই পরশ পাই এ বুকে।
তবে আলো... আলো জ্বালতেই এখন যাস পালিয়ে
কিন্তু আগে... আগে তো শিয়রে গিয়ে বসতিস ঝুঁকে।
এখনও গ্রীষ্মের দুপুরে ডাক দিয়ে যাস
নিশ্চল দুপুরে একইরকম তন্দ্রাটা যাস ভাঙ্গিয়ে।
কিন্তু এখন... এখন পিছন থেকে ডাক দিয়েই যাস লুকিয়ে
আর আগে... আগে তো ছুটে এসে দুহাতে ধরতিস্ জড়িয়ে।
এখনও আমি একলা হই তোরই সাথে
তোর সঙ্গ নিঃসঙ্গ মিলেমিশে একাকার সেখানে।
আজও তোর ভালবাসা বেঁচে আছে আমার মনে
তাই তো আমি আজও বেঁচে আছি, মরেও মরিনে।
প্রতিশোধের আগুন জ্বলছে আমার মনে
যারা তোকে কেড়ে নিয়ে গেছে তাদের ছাড়ছিনে।
তাই তো অন্ধকারকে আঁকড়ে ধরে আছি প্রাণপণ
অন্ধকারে একলা পেলে আমিও কেড়ে নেব ওদের প্রাণ।
তারপর আমার ছুটি, ফিরবো তোর কাছে। আবার মিলব দুজনে
আবার পথ চলব গোধূলি বেলায় তোর হাতটি হাতে নিয়ে...
